ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যন্ত এ প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য মিডিয়ার ভূমিকা অপরিসীম। এবারের নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেবো।
তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সকল স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য কমিশন এক মাস সময় বরাদ্দ রেখেছে। এ ছাড়া, ব্যক্তি বিশেষের প্রভাব এড়াতে নির্বাচনী সীমানা নির্ধারণে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব। সেই চিঠিতে অনুরোধ জানানো হবে, যেন আসন্ন রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হয়।
ভোরের আকাশ/এসএইচ