ফেসবুকে সস্তায় ইলিশ বিক্রির প্রতারণা: চক্রের দুই সদস্য গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কম দামে ইলিশ মাছ বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হাবিবুর রহমান ওরফে সাজিদ ওরফে হেদায়েত হুজুর (৪১) এবং মোঃ রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ওরফে রাব্বী শরীফ (৩৬)। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানা এলাকায়।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চক্রের সন্ধান পায় জেলা পুলিশ। এরপর চাঁদপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল নড়াইল জেলা পুলিশের সহযোগিতায় কালিয়া থানায় অভিযান পরিচালনা করে।
নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়ন। প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, বিভিন্ন সিমকার্ড এবং নগদ ৬০,০০০ টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন ভুয়া পেইজ খুলে বাজারদরের চেয়ে কম দামে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিত। সাধারণ ক্রেতারা প্রলুব্ধ হয়ে পণ্য অর্ডার করলে তারা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অগ্রিম টাকা নিয়োগ করে যোগাযোগ বন্ধ করে দিত। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং পেনাল কোডে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, "অপরিচিত কোনো ফেসবুক পেইজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় অফারে লেনদেন করার আগে অবশ্যই প্রতিষ্ঠান বা ব্যক্তির সত্যতা যাচাই করে নেওয়া উচিত। অনলাইন প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।"
ভোরের আকাশ/ এনউব