বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার আদর্শের কথা স্মরণ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে দেশের মানুষ প্রধান উপদেষ্টার ওপর যে আস্থা রেখেছে, তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিফলিত হচ্ছে। তিনি একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়া সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতেই জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ সংস্কারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটে প্রাপ্ত জনমতের ভিত্তিতেই পরবর্তী সংসদ প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করবে।
প্রধান উপদেষ্টা জনগণকে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতন করতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বড়দিন উপলক্ষে ৮০০টি চার্চের জন্য ২.৫ কোটি টাকা অনুদান দেওয়ায় সরকারকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। প্রধান উপদেষ্টা উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন এবং দেশবাসীকে বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ