দিলীপ আগরওয়াল এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে ১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা কেনাবেচা এবং মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) অভিযোগে সিআইডির করা একটি মামলায় এই আদেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। এদিন দুপুরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে সেখান থেকে পুলিশি পাহারায় বিকেল ৩টার দিকে তাকে এজলাসে তোলা হয়। পরে রিমান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুদ্দোহা সুমন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, আবদুল্লাহ আল মনসুর রিপন, সানাউল ইসলাম টিপু, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশি পাহারায় সিএমএম হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, আসামি ২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এলসির মাধ্যমে ৩৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকার পণ্য বৈধভাবে আনলেও বিভিন্ন সময়ে স্থানীয় মার্কেট থেকে অবৈধ চোরাকারবারের মাধ্যমে আরও ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের স্বর্ণ ও ডায়মন্ড ক্রয় করেন। কিন্তু এসব পণ্যের ক্রয়সূত্র বা কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়।
ভোরের আকাশ/আ.র