উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে অনুদান দেওয়া হয়।
এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং একজন মেধাবী তরুণের স্বপ্ন ও সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সুইডেনের University of Skövde-তে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন নাজমুল হাসান। তবে বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করা তাঁর পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা তাঁর উচ্চশিক্ষার পথকে আরও সহজ করেছে।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন নাজমুল। তাঁর এই সাফল্য ও সংগ্রামের গল্প দেশের অন্যান্য স্বপ্নবান তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।
ভোরের আকাশ/জেআ