আন্তর্জাতিক অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান ও ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।
এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। প্রধানমন্ত্রী এ উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে সম্মতি জানান।
এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) পক্ষ থেকে স্কুল পর্যায়ে ‘Activity-Oriented Mathematics’ চালুর প্রস্তাব করা হয়। প্রধানমন্ত্রী এ প্রস্তাবেও সম্মতি জানান।
স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের IELTS পরীক্ষার আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও তুলে ধরা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (IMO) জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) সদস্য মো. আব্দুল হাকিম খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, IMO ও EGMO ব্রোঞ্জ পদকজয়ী মনামী জামান; চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও IMO রৌপ্য পদকজয়ী মো. রায়হান সিদ্দিকী; ঢাকা ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী জাওয়াদ হামীম চৌধুরী; ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী মোহাম্মদ মারজুক রহমান; আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী তাহসিন খান; রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও IMO ব্রোঞ্জ পদকজয়ী এম. জামিউল হোসেন এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও EGMO ব্রোঞ্জ পদকজয়ী সাজি সেহনাই।
ভোরের আকাশ/জেআ