গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে প্রতারণা, তিতাসের সতর্কবার্তা
তিতাস গ্যাসের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র মোবাইল ফোনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে বলে সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি কিছু প্রতারক চক্র মোবাইল ফোনে কল করে মিথ্যা ম্যাজিস্ট্রেট অভিযানের কথা বলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে এবং তিতাস গ্যাসের নাম ব্যবহার ও প্রতারণার মাধ্যমে তাদের দেওয়া মোবাইল ফোনে বিকাশ, নগদ, রকেট ও উপায় ইত্যাদির মাধ্যমে বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য বলা হচ্ছে। প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়েছে, তিতাস গ্যাস নগদ অর্থে কোনো লেনদেন করে না। সব লেনদেন ব্যাংক ও এমএফএস (বিকাশ, রকেট ও উপায়)-এর মাধ্যমে হয়ে থাকে। কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের দেওয়া মোবাইল নম্বরে অথবা নগদ অর্থে কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে-তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/এসএইচ