হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, পলাতক শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এই সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করছেন, যা ফ্যাসিবাদীরা মেনে নিতে পারছে না।
রুহুল কবির রিজভী বলেন, চার-পাঁচ দিন আগে নড়াইলে বিএনপি নেতা সোহেল রানা এবং শাহিনুর রহমানকে হত্যা করা হয়েছে। আপনাদের পদ্মা নদীর পাড়ে এই ভাঙ্গাতে কৃষক দল নেতা রাজু মোল্লাকে হত্যা করেছে। কারণ শেখ হাসিনা হত্যা, রক্ত, লাশ এগুলো ছাড়া যেন রাজনীতি করতে পারে না, কথাই বলতে পারে না। পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশকে রক্তাক্ত বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, কিন্তু তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেটি আর করতে পারছে না। এত যে অরাজকতা, এত যে আগুন লাগাচ্ছে, তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরেও গুলি করার নির্দেশ দেননি। কারণ সভ্য মানুষ দেশের ক্ষমতায় থাকলে তারা অস্ত্রের ভাষায়, খুনের ভাষায় কথা বলে না।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মো. রাসেদের সভাপতিত্বে ও তানভীর আহমেদ অভির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সমতাজ আলো, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র