আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে পে-স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন

নতুন পে-স্কেলের সুপারিশ কবে জমা দেওয়া হবে, সে বিষয়ে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামীকাল বুধবার বিকেল ৫টায় পে কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন হস্তান্তর করবেন। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। প্রতিবেদনের সময় তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন।
আরও জানতে চাইলে অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এর কোনো কিছু নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
তবে সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন, এমন সুপারিশ প্রতিবেদনে থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া পে-স্কেলের সুপারিশের ক্ষেত্রে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনা রাখা হয়েছে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।
অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল, বেতন কমিশন তার প্রতিবেদন জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে এই পরিকল্পনা বদলে গেছে।
প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবে বেতন কমিশন।
এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার পর প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান।
ভোরের আকাশ/এনএস