শেখ হাসিনাকে কখনও ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত

ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশিষ্ট গবেষক ড. শ্রীরাধা দত্ত মনে করেন, ভারত কখনোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না।
বাংলাদেশের পক্ষ থেকে যত চাপই দেয়া হোক কিংবা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া যত দীর্ঘই হোক, ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করবে না বলে মনে করেন তিনি।
তবে এটা ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং ভারতীয় রাজনীতি সম্পর্কে নিজের উপলব্ধি থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে স্পষ্ট করেন এই গবেষক।
বাংলাদেশি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. শ্রীরাধা দত্ত বলেন, ‘শেখ হাসিনা ভারতের ভালো বন্ধু। ভারত তাকে মিত্র হিসেবে বিবেচনা করে। এমন একজন ব্যক্তিকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না।’
ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। তার মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সহজে মিটবে না। তবে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে ভারত ও বাংলাদেশ উভয়কেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাও পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন তৎপরতা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্কের উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের সংসদের স্পিকার অংশ নেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। কিন্তু সেই সফর এখন অনিশ্চয়তার মুখে। কিছু কনস্যুলার ও শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হলেও গত প্রায় দেড় দশকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা বেশিরভাগ সহযোগিতামূলক কার্যক্রম এখনো স্থবির রয়েছে।
ভোরের আকাশ/আ.র