খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’-কে এখন থেকে তার নামে ডাকা হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানায়। পোস্টে উল্লেখ করা হয়, শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশির কাছে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দিয়েছে। বর্তমানে এই কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় প্রচেষ্টায় এই নামকরণ সম্ভব হয়েছে।
প্রবাসীদের মতে, এটি কেবল একটি সড়কের নতুন নাম নয় বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তা নামকরণের এটি প্রথম নয়। এর আগে শিকাগোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়ক নামকরণ করা হয়েছিল।
এবার খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মাটিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে স্থায়ী রূপ দেওয়া হলো। স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের ইতিহাস ও দেশনেত্রীর অবদান সম্পর্কে সচেতনতা আরও বাড়াবে।
বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক সক্ষমতারও একটি শক্তিশালী প্রমাণ। হ্যামট্রমিক শহর তার বৈচিত্র্যময় জনসংখ্যার জন্য পরিচিত; শহরের এই নামকরণ দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও দৃঢ় করবে।
ভোরের আকাশ/তা.কা