তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।
রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করেন। এ সময় প্রয়াত জনপ্রতিনিধিদের স্মরণ করে তাদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম এবং ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ।
এ ছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক এবং সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান ও সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
জাতীয় সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, সংসদ সদস্য ও বিশিষ্ট জাতীয় ব্যক্তিত্বদের মৃত্যুতে অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণের মাধ্যমে তাদের অবদান স্মরণ করা হয়।
ভোরের আকাশ/এনএস