রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু আজ

জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৈঠকটি বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় থেকে অনুষ্ঠিত হবে। সংস্কার আলোচনা নিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন তাদের দ্বিতীয় দফার রাজনৈতিক আলোচনা শুরু করেছে।
তিনি আরো বলেন, ‘এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারবে বলে আশা করছি। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। আগামীকাল ছাড়াও ঈদের আগে-পরে আরো দু-একটি সংলাপ অনুষ্ঠিত হবে।’ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তারা।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য পোষণ করেনি সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।
ভোরের আকাশ/এসএইচ