খালেদা জিয়ার মৃত্যু
৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন।
জাতীর অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে।
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত ছিলেন। এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটছিল তাঁর। অবশেষে মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের আবহ বিরাজ করছে। দল-মত নির্বিশেষে সবাই শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে খালেদা জিয়ার শোকগাথা চোখে পড়ছে।
ভোরের আকাশ/মো.আ.