প্রশাসনিক পদে বড় রদবদল

সরকার প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল করেছে। এতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তার চাকরি ন্যস্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে।
অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমান নিয়োগ পেয়েছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে। তাকেও একই বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
একইসঙ্গে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ