বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চায় জার্মানি

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। একই সঙ্গে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত জার্মানির বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। জার্মানিতে বিক্রি হওয়া বস্ত্রপণ্যের প্রায় ২০ শতাংশই বাংলাদেশে তৈরি। তবে শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভর না করে চামড়া, কৃষি-শিল্প ও ওষুধ খাতেও রপ্তানি ও বিনিয়োগের সুযোগ বাড়াতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ড. রুডিগার লটজ। তিনি বলেন, জার্মানির মতো উন্নত অর্থনীতির জন্য এআই ঝুঁকির তুলনায় বেশি সুযোগ তৈরি করবে। তবে এ প্রযুক্তি মানুষের চিন্তাভাবনা, কাজের ধরন এবং পারস্পরিক যোগাযোগে বড় পরিবর্তন আনবে।
বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার প্রেক্ষাপটে এ ধরনের আলোচনা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেমিনারের বক্তারা।
ভোরের আকাশ/জেআ