অভিবাসী কর্মীদের কল্যাণে আইওএমের সহযোগিতা চাইলেন শামা ওবায়েদের

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অপারেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) উগোচি ড্যানিয়েলসের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে শামা ওবায়েদ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার হিসেবে আইওএমের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, উন্নয়ন ও মানবিক কার্যক্রমে আইওএমের সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জিসিএম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (ন্যাপ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পর্যায়ে সমন্বিত ও কার্যকর কাঠামো গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
তিনি নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সম্ভাব্য অভিবাসীদের দক্ষতা উন্নয়নে আইওএমের সহযোগিতা কামনা করেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের দক্ষ জনশক্তিকে বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে ট্যালেন্ট মোবিলিটি এবং বিভিন্ন দেশের সঙ্গে ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, কেয়ার গিভিং ও কৃষি খাতে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি অভিবাসী কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সংকটপূর্ণ দেশগুলোতে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার ও দেশে ফিরিয়ে আনতে আইওএমের সহযোগিতার প্রশংসা করেন।
বৈঠকে নিরাপদ প্রত্যাবর্তন, টেকসই পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন মোকাবিলা এবং মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করে শামা ওবায়েদ তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
আইওএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের টেকসই অভিবাসন ব্যবস্থাপনার উদ্যোগের প্রশংসা করেন। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের নেতৃত্ব ও অঙ্গীকারেরও প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ অভিবাসীদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বাংলাদেশের অভিবাসন ও মানবিক অগ্রাধিকারে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়। বৈঠকে আইওএমের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো এবং বিশেষ উপদেষ্টা প্রিয়া মারওয়াহসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা