প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নুরুল হক নুর। তিনি বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর উদ্যোগে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে মরদেহ নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৩টি গাড়ি আছে। আজ আরও ২টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে।
এ সময় নুরুল হক নুর জানান, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, মরদেহ আসা মাত্রই ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেয়া হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা দেয়া হয়।
ভোরের আকাশ/এনএস