সিআইসিএ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা। সেখানে অনুষ্ঠিতব্য কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাকুর গুলুস্তান প্যালেসে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আয়োজিত গালা ডিনারে অংশ নেন হুমায়ুন কবির।
এ সময় তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাকু কনভেনশন সেন্টারে সিআইসিএ শীর্ষ সম্মেলনের প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাকু সফরকালে সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা