নদীর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরব : জোনায়েদ সাকি

নদী, খাল ও জলাশয়ের প্রবাহ বাড়ানো, দূষণ ও দখলমুক্ত করা এবং নদীকে মানুষের উপকারে ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী তিনটি নদী পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ ভিআইপি জেটিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোনায়েদ সাকি বলেন, আমাদের জলাশয় ও খালের প্রবাহ কীভাবে বাড়ানো যায়, ভূ-উপরিভাগের পানি কীভাবে বাড়ানো যায়, এসব নিয়ে আমাদের একাধিক প্রকল্প রয়েছে। এসব প্রকল্প কীভাবে সমন্বয় করে কাজ করা যাবে, তা নিয়ে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটির পক্ষ থেকে আমি এবং একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবরা নদীপথ পরিদর্শন করেছি।
তিনি বলেন, নদীগুলোতে দূষণের কারণ চিহ্নিত করা, দূষণ ও দখলমুক্ত করার পরিকল্পনা নেওয়া এবং নদীকে কীভাবে মানুষের উপকারে লাগানো যায়, তা নিয়ে আমরা কাজ করছি। আজকের পরিদর্শনের পর এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। সেখানে আমরা বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরতে পারব।
এ সময় নদী রক্ষা, নৌপথের প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাশয় ও খালের সঙ্গে নদীর সংযোগ কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/ইউএম