নির্বাচনের আগ পর্যন্ত চলবে অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারাদেশে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কি না, প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন।
৫ আগস্ট ঘিরে সতর্কতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সতর্কতা সব সময় থাকে। আমরাও সতর্ক অবস্থানে আছি।
ভোরের আকাশ/এসএইচ