জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন চারজন রাজনৈতিক নেতা।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সফরসূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে পৌঁছাবেন ২২ সেপ্টেম্বর এবং দেশে ফেরার কথা রয়েছে ২ অক্টোবর।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তার বক্তব্যে গত এক বছরে দেশে বাস্তবায়িত সংস্কার কার্যক্রমের পাশাপাশি আগামী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন তিনি।
এ ছাড়া এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মায়ানমার’ শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলন। জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে এমন সভা এবারই প্রথমবারের মতো হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুর কার্যকর সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে গত মাসে কক্সবাজারে এক প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছিল।
ভোরের আকাশ // হ.র