ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৮ হিজরি উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানমালা’ শুরু করছে ইসলামিক ফাউন্ডেশন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাদ মাগরিব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দেশে আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। এ উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালায় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধের পাশাপাশি শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত মাহফিল এবং ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার। এছাড়া বাংলাদেশ বেতারে প্রচারিত রাসুলুল্লাহ (স.)-এর শানে রচিত কবিতা পাঠের মাহফিল, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানমালায় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ ও অনুষ্ঠান উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ভোরের আকাশ/সু.পা