আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ, বাল্যবিয়ে বন্ধের আহ্বান

বাল্যবিয়ে বন্ধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও তাদের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে রোববার (১১ অক্টোবর) পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নানা কর্মসূচি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়।
কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠার পথে থাকা বাধা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরা এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করাই দিবসটির অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি কন্যাশিশুদের মানবাধিকার রক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে উৎসাহিত করা হয়।
বিশ্বজুড়ে কন্যাশিশুরা সম্ভাবনা, সৃজনশীলতা ও পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি। তবে দারিদ্র্য, শিক্ষার সীমিত সুযোগ, অপুষ্টি ও বাল্যবিয়ের মতো সমস্যা এখনো তাদের অগ্রগতির পথে বাধা হয়ে রয়েছে। লিঙ্গবৈষম্য ও বিভিন্ন ধরনের সহিংসতাও অনেক কন্যাশিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটের সময় তাদের ঝুঁকি আরও বেড়ে যায়।
দিবসটি পালনের মাধ্যমে কন্যাশিশুদের জন্য মানসম্মত শিক্ষা, পর্যাপ্ত পুষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং বৈষম্যহীন পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।
এ ছাড়া পরিবার ও সমাজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কন্যাশিশুদের মতামত প্রকাশের সুযোগ তৈরি এবং তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার থেকে রাষ্ট্র—সব পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে দিবসটি।
ভোরের আকাশ/সু.পা