কুষ্টিয়া সীমান্তে চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) সকালে পৌনে আটটার দিকে বিজিবি ৪৭ ব্যাটেলিয়ানের অধীনস্থ ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ সীমান্ত পিলার সংলগ্ন বিএসএফের উদয় কিষান ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার সকালে পৌনে আটটার দিকে বিএসএফ সদস্যরা তাদের উদয় কিষান ক্যাম্প এলাকা থেকে চারজন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছে। কুষ্টিয়া বিজেপি ৪৭ ব্যাটালিয়নের সদস্যদের তৎপরতায় সকাল আটটার দিকে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি বাংলাদেশী সীমান্তে।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান চারজন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। তাদের সেই চেষ্টা প্রতিহত করা হয়। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।
ভোরের আকাশ/ইউএম