কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানের আশপাশ এড়িয়ে চলতে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অত্যাবশ্যক প্রয়োজন ব্যতীত বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।
এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।
যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইল: [email protected]এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ভোরের আকাশ/এনএস