জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্য

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও যুক্তরাজ্য।
লন্ডনে যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক বিশেষ প্রতিনিধি র্যাচেল কাইটের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধি, জলবায়ু তহবিল থেকে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, কার্বন বাজার এবং সবুজ ও নীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারের চলমান উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব, বিশেষ করে নারী ও শিশুদের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
পাশাপাশি জলবায়ুসংশ্লিষ্ট প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা এবং বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলো বাস্তব কর্মকাণ্ডে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রস্তুতি ও অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
ভোরের আকাশ/ইউএম