সুন্দরবনের পাশে অবৈধ ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমানাঘেঁষা এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নোটিশ দেওয়া হয়। এর আগে দুই দফা নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।
নোটিশ পাওয়া রিসোর্টগুলো হলো— সুন্দরী, ইরাবতী, অরণ্য, ছায়া, অরণ্যবাস, কেওড়া বন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশের ১০ কিলোমিটার এলাকা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ)। পরিবেশগত ছাড়পত্র ছাড়া সেখানে রিসোর্ট স্থাপন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এসব স্থাপনার কারণে প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চূড়ান্ত নোটিশে সব স্থাপনা সরিয়ে অনুমোদনযোগ্য স্থানে স্থানান্তর এবং কার্যক্রম বন্ধ করে বিষয়টি লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে মোবাইল কোর্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করা হবে।
খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ জানান, ১০টি প্রতিষ্ঠানকে ৩০ দিন এবং আটটিকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।
ভোরের আকাশ/জেআ