বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ কাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি ও জামায়াতসহ ১২ দলের নেতাকর্মীদের সঙ্গে সংলাপ বসতে যাচ্ছে ইসি। সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন বুধবার (১৯ নভেম্বর) শেষ দিনের এই সংলাপে মোট ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিনে (বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার) মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হলো। বর্তমানে ইসিতে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
বুধবারের সংলাপে আমন্ত্রিত দলগুলো হচ্ছে- সকালের সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
দুপুরের সেশনে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
ইসির এই ধারাবাহিক সংলাপে দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার, ইসির দৃঢ়তা, আচরণবিধি প্রয়োগ এবং কালো টাকার প্রভাব নিয়ে বিভিন্ন দাবি ও উদ্বেগ জানানো হয়েছে। বহুল প্রতীক্ষিত এই শেষ ধাপের সংলাপে বিএনপি ও জামায়াতের অংশগ্রহণ এবং তাদের বক্তব্য কী হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ