সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ভাইরাল ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

মুমূর্ষু অবস্থায় হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে থাকা সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া ছবিটি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।
বুধবার (১ অক্টোবর) দুপুরে কেশবপুর ত্রিপল্লী সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খাগড়াছড়ির গুইমারায় আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ ও উত্তেজনার প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন, চিকিৎসকরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত পাননি। খাগড়াছড়ির ঘটনা পূর্বপরিকল্পিতও হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন হবে।
হিন্দু সম্প্রদায়ের মানুষ জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছে উল্লেখ করে নাসিমুল গণি বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। হিন্দু সম্প্রদায় আনন্দের সঙ্গে পূজা উদযাপন করছে। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসব পালনে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব শক্তি প্রয়োগ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ