রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু সোমবার

জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সংলাপের উদ্বোধন করবেন।
আগামীকাল সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। রোববার (১ জুন) ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেস সচিব বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্যদিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলে আশা করছি।
তিনি বলেন, ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। সোমবার ছাড়াও ঈদের আগে-পরে আরও ২/১টি সংলাপ অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ