ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

চিকিৎসকদের উদ্দেশে কঠোর প্রশ্ন ছুড়ে দিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের? তিনি রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট না দেওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও অনুরোধ করেন।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, সাহায্যকারী হিসেবে আমার বাসায় একটা ছেলে ছিল। সে এক দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যায়। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করিয়েছে, এত টেস্ট লাগেনি।
হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ তুলে আইন উপদেষ্টা বলেন, একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে? এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।
তিনি চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে এসব অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের মানুষ গরিব। বড়লোকদের গলা কাটেন, কিন্তু সাধারণ মানুষের প্রতি এভাবে নিষ্ঠুর হবেন না।
ভোরের আকাশ/এসএইচ