রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ, জনকল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।
তিনি দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার-ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় ও জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ভূমিকা আরও বিস্তৃত ও কার্যকর করতে আধুনিকায়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।
বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।
এ সময় সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনমুখী কার্যক্রমে আনসার-ভিডিপির অর্জনের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বাহিনীর সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও জনকল্যাণে আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে আনসার একাডেমি পরিদর্শনের জন্য তাঁকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও পরামর্শের আলোকে বাহিনীর কার্যক্রমকে আরও জনমুখী, আধুনিক, দক্ষ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ