এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা

দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি জ্ঞান ও বাস্তবভিত্তিক ধারণা সমৃদ্ধ করতে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (২০ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল একটি অত্যন্ত কারিগরি ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। এ কারণে এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই।
তিনি আরও বলেন, এই কর্মশালার উদ্দেশ্য হলো বেবিচকের কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাত্রীসেবা এবং এভিয়েশন খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে পারেন।
কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বেসামরিক বিমান চলাচল খাতের কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন। তিনি বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (SARPs) অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
বেবিচকের সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের জন্য নেওয়া বিভিন্ন সেবামূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফের পাশাপাশি জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম, হ্যান্ড স্যানিটাইজার, ট্রলি, চেয়ার, কিউ বেল্ট এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC), এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (ATFM), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS), অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (OLS), এয়ারফিল্ড পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান বলেন, গণমাধ্যম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই এভিয়েশনের মতো সংবেদনশীল খাতে তথ্যের যথাযথ যাচাই, কারিগরি প্রেক্ষাপট সম্পর্কে সঠিক ধারণা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও অপারেশন, নিরাপত্তা ও এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের কর্মশালা আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি জানান।
কর্মশালার বিভিন্ন সেশনে সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা ও আন্তর্জাতিক মানদণ্ড বিষয়ে প্রশ্ন করেন। বেবিচকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যরা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং এভিয়েশন খাতের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনএস