আনসারের সততায় মিলল টাকাসহ হারানো ব্যাগ

বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য সততা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কুড়িয়ে পাওয়া নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ যথাযথ যাচাই-বাছাই শেষে তারা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামের প্রধান ফটকে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সোহেল ও মো. বরিউল প্রধান সড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। সন্দেহজনক মনে হওয়ায় তারা ব্যাগটি উদ্ধার করে পরীক্ষা করেন।
ব্যাগের ভেতরে নগদ ১০ হাজার টাকা, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং পরিচয়সংক্রান্ত কিছু নথি পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় আনসার সদস্যরা বিষয়টি উপস্থিত লোকজনকে জানান এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে ব্যাগটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।
কিছুক্ষণ পর ব্যাগটির মালিক মো. হোসাইন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপন করে ব্যাগটির দাবি করেন। আনসার সদস্যরা যাচাই-বাছাই শেষে নগদ অর্থসহ ব্যাগটি তার হাতে তুলে দেন।
হারানো ব্যাগ ফিরে পেয়ে মো. হোসাইন আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও তাদের সদস্যরা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বরিশালের এই ঘটনাও বাহিনীর সেই পেশাদারিত্ব ও জনআস্থার আরেকটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের আকাশ/এনএস