রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। এ উপলক্ষে নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠক থেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী করণীয় বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে। একই সঙ্গে নির্বাচনের মূল কার্যক্রম চূড়ান্ত করার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।
ভোরের আকাশ/সু.পা