কৃষকের হাতে সরাসরি প্রণোদনা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষি এখন লাভজনক না হওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন। তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণে জন্য কৃষকের হাতে সরাসরি প্রণোদনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, উৎপাদনের পর কৃষক তাঁর পণ্যের ন্যায্য দাম পান না। অন্যদিকে, তাঁদের বাড়তি দামে বীজ কিনতে হয়। ফলে উৎপাদন খরচ মেটানোর পর কৃষকের পক্ষে আর্থিক ঘাটতি পূরণ করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, গবেষণার মাধ্যমে কৃষির বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। এ জন্য কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও কৃষিবিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। এখন এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, সবাই ধৈর্য ধরে ধীরে ধীরে এগিয়ে গেলে সফলতা আসবে।
ভোরের আকাশ/জেআ