বিশ্ব হাত ধোয়া দিবসে পরিচ্ছন্নতা কর্মসূচি চাঁদপুরে

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নিয়মিত হাত ধোয়া ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেছে চাঁদপুরের সহস্রাধিক শিক্ষার্থী। স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের নিজেদের হাত পরিষ্কার রাখার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও সচেতন হতে হবে। যেখানেই ময়লা-আবর্জনা, ব্যবহৃত টিস্যু কিংবা প্লাস্টিক বর্জ্য দেখা যাবে, সেগুলো পরিষ্কারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর। এ সময় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন এবং হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করে। এর মাধ্যমে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ক্লিন চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। পাশাপাশি সংগঠনটি সরকারের বিভিন্ন জাতীয় কর্মসূচি বাস্তবায়নেও সহযোগিতা করছে।
ভোরের আকাশ/জেআ