তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করলেন জাপানি প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের জাতি গঠনমূলক উদ্যোগ ও প্রচেষ্টাকে জাপান জোরালো সমর্থন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় 'কান্তেই'-এ দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাপানি প্রধানমন্ত্রী এই প্রশংসা ও সমর্থনের কথা জানান।
চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার ওপর জোর দেওয়া হয়। তাকাইচি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযোগকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং ১৭ কোটি মানুষের তরুণ বাজার জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি জানান, ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগটিকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামক নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করা হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রতি জাপানের অবিচল সমর্থন ও বিভিন্ন খাতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জাপানকে বাংলাদেশের জনগণের এক বিশেষ অংশীদার হিসেবে অভিহিত করেন। উভয় নেতা সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে অংশীদারিত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
সানায়ে তাকাইচি জানান, যৌথ বিবৃতির আলোকে দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা বাস্তবায়িত হবে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এই শীর্ষ বৈঠক বাংলাদেশ-জাপান মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।
ভোরের আকাশ/আ.র