গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী
‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’—সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন একটি সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অভাবের তাড়নায় অনাগত সন্তানকে বিক্রি করার কথা ভাবছেন এক অসহায় মা—প্রতিবেদনে উঠে আসে আঁখি নামের ওই নারীর করুণ পরিস্থিতি। সংবাদটি দেখার পরই পরিবারটির খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রতিবেদনটি প্রকাশের দিনই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির সন্ধান নিয়ে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে দ্রুততম সময়ের মধ্যে, মাত্র এক ঘণ্টার মধ্যেই আঁখি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আঁখি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন। তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা এবং সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি। ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়।
সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগে চরম আর্থিক সংকটে থাকা পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি আঁখি ও তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়েও নতুন আশার সঞ্চার হয়েছে।
ভোরের আকাশ/জেআ