রাষ্ট্রপতি পদে আবেদন করতে ইচ্ছুক? লাগবে যেসব যোগ্যতা

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সরাসরি আবেদন করার সুযোগ নেই। তবে সংবিধানে নির্ধারিত যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করে একজন যোগ্য নাগরিক রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন।
রাষ্ট্রপতি হতে যা যা লাগবে
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। পাশাপাশি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় সব সাংবিধানিক যোগ্যতা থাকতে হবে।
এ ছাড়া, সংবিধান অনুযায়ী আগে রাষ্ট্রপতির পদ থেকে অভিশংসিত বা অপসারিত হয়ে থাকলে তিনি এ পদে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না।
যেভাবে হয় রাষ্ট্রপতি নির্বাচন
যোগ্যতা থাকলেও কোনো ব্যক্তি নিজ উদ্যোগে রাষ্ট্রপতি পদে আবেদন বা মনোনয়নপত্র জমা দিতে পারেন না। প্রার্থী হতে হলে জাতীয় সংসদের একজন সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সদস্যকে সমর্থক হতে হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একাধিক বৈধ প্রার্থী থাকলে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বৈধ প্রার্থী একজনই হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রয়েছে আরও কিছু বিধান
কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। কারণ, একই ব্যক্তি একসঙ্গে রাষ্ট্রপতি ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।
এ ছাড়া সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন না।
সব মিলিয়ে, রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক সুযোগ দেশের যেকোনো যোগ্য নাগরিকের জন্য উন্মুক্ত থাকলেও, এ জন্য জাতীয় সংসদের সদস্যদের মনোনয়ন ও সমর্থন অপরিহার্য।
ভোরের আকাশ/এনএ