জুলাই-আগস্টের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আসিফ নজরুল
জাতীয় নির্বাচনের আগেই জুলাই-আগস্টের বিচারের সন্তোষজনক অবস্থা দেখতে চায় ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই ইস্যু বাস্তবায়নে শক্ত অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘জুলাই আগস্টের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বিচারের গতি সন্তোষজনক।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই-আগস্টের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে ৩য় ট্রাইব্যুনাল গঠন করা হবে।’
আইন উপদেষ্টা আরও জানান, ‘গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে।’
আইন উপদেষ্টার সাথে ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উপদেষ্টাদের সংস্কার কাজ ঘুরে দেখান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষপর্যায়ে। ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ চলছে।
ভোরের আকাশ/এসএইচ