ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি নিয়মিত নির্বাচন নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের ফাউন্ডেশনাল ইলেকশন। তিনি স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো সংস্কার কার্যক্রম। নির্বাচন যেমন জরুরি, তেমনি ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ।”
দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর প্রস্তাব এবং ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। কমিশনের ছয় সদস্যের প্রস্তাবিত প্রক্রিয়াও উপস্থাপন করা হয়।
কমিশন সদস্যরা জানান, দ্রুতই তারা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দেবেন। এই আলোচনাকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো বৈঠক করবে কমিশন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে অংশ নেন।
ভোরের আকাশ//হ.র