বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার চলতি মাসেই ঢাকা সফরে আসছেন। পাকিস্তান ও বাংলাদেশের ক্রমোন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে তার এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা তার। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
এদিকে, বাংলাদেশি গণমাধ্যমে গত সপ্তাহে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইশাক দার আগামী ২৪ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সময় তিনি অন্যান্য সরকারি কর্মসূচিতেও অংশ নেবেন এবং 'বাংলাদেশের সঙ্গে সমন্বয় জোরদারের উপায়' নিয়ে আলোচনা করবেন।
এ সফর মূলত গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, তবে তা সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়।
গত বছরের আগস্টে হওয়া গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ও পরবর্তীতে তার ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের (বাংলাদেশ-পাকিস্তান) সম্পর্কে যে দৃশ্যমান উষ্ণতা সৃষ্টি হয়েছে, এ সফর তারই ধারাবাহিকতা।
১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর কয়েক দশক ধরে ঢাকা ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বজায় রেখে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে। তবে সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আবারও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ