তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি।
রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে জানা গেছে, ঘটনার দিন নিহত তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তাহসিফ তার সিনিয়র বড় ভাই ছিলেন। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে তার জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ৩১ অক্টোবর সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভোরের আকাশ/আ.র