ঈদযাত্রা নির্বিঘ্নে গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি মোতায়েন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাচপুর ব্রিজ, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।
সরকারের নির্দেশনা অনুযায়ী যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২১ মে থেকে এসব এলাকায় দায়িত্ব পালন শুরু করেছে বিজিবি।
জানা গেছে, ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা এ দায়িত্ব পালন করবেন।
ভোরের আকাশ/এম