পেশাগত দায়িত্বে রাজনৈতিক পরিচয় প্রভাব ফেলতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে কর্মজীবনে তার কোনো প্রতিফলন যেন না ঘটে—এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদানকারী কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কার্যক্রমের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডার অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় সম্পূর্ণ আলাদা। এসব বাহিনীর কর্মকর্তাদের অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে হয়। এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ১ নভেম্বর ২০২৬ তারিখে পূর্বাহ্ণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।
ভোরের আকাশ/জেআ