নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন কে?

স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর স্পিকার ও ডেপুটি স্পিকারের দুটি পদই শূন্য রয়েছে। এ অবস্থায় রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি চাইলে এবং সম্মতি দিলে প্রধান বিচারপতিও এই দায়িত্ব পালন করতে পারেন।
আইন উপদেষ্টা আরও বলেন, তবে ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ না হলে অর্থাৎ তিন দিন পরে শপথ পাঠ করালে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন। কিন্তু এই তিন দিন অপেক্ষা করার সুযোগ নেই। নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব শপথ পাঠ অনুষ্ঠানটি হবে।
বাংলাদেশের সংবিধানের ১৪৮(১) একং ১৪৮(২) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, স্পিকার অথবা স্পিকারের মনোনীত কোনো ব্যক্তি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন। বর্তমানে যেহেতু স্পিকার না থাকায় সে অনুযায়ী শপথ পড়ানো সম্ভব হচ্ছে না।
তবে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার বা তার মনোনীত ব্যক্তিও যদি গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে এমপিদের শপথ পাঠ না করান, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।
এছাড়া সংবিধানের তফসিল-৩ অনুযায়ী যদি স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্বে না থাকেন তাহলে রাষ্ট্রপতির অনুমোদনে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।
ভোরের আকাশ/এনএস