নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিত

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী অনুষ্ঠান ‘নিরাপত্তাজনিত কারণ’ দেখিয়ে স্থগিত করতে বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক বিশেষ এ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠান শুরুর কিছু আগে স্থগিত করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও মফিদুল হক।
সারওয়ার আলী সংবাদমাধ্যমকে বলেন, “আজ বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে প্রদর্শনীটি বন্ধ রাখা উচিত হবে। তাদের সেই পরামর্শক্রমেই উদ্বোধন আয়োজন স্থগিত করা হয়েছে।”
জানা যায়, বিকেল ৪টায় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন অতিথিও এসেছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরে। এর কিছুক্ষণ আগে ১২-১৫ জন পুলিশ এসে নিরাপত্তার কথা বলে অনুষ্ঠান শুরু করতে নিষেধ করেন। পরে আয়োজকরা উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান সংবাদমাধ্যমকে বলেন, “অনুমতি ছাড়া একটা প্রোগ্রাম হচ্ছিল আর কি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের হেল্প চাওয়া হইছে যে, অনুমতি ছাড়া এখানে প্রোগ্রাম হবে না। পরে আমাদের পুলিশ ওখানে গিয়ে জাস্ট দেখভাল করছে আরকি।’’
অনুষ্ঠান কী বাতিল করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জাদুঘর কর্তৃপক্ষ নিষেধ করছে কোনো অনুষ্ঠান হবে না।’’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চারজন সহচর, মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে ঢুকে হত্যা করা হয়।
ভোরের আকাশ/এনএস