রাজশাহী থেকে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
মূলত শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সরকারপ্রধান রংপুরের পথে রওনা হন। এরপর সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
পরে বাসযোগে সড়কপথে বিমানবন্দর থেকে রংপুরের পথে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময়ে তিনি বাস থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর রংপুরের পাগলাপীরে এক পথসভা ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এরপর বিকাল ৩টার দিকে তিনি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি প্রণোদনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি যোগ দেন।
ভোরের আকাশ/জেআ